কালিয়ায় ডাকাতির মামলার সন্দেহভাজন আসামি ঢাকায় গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১৩ বার পঠিত

নড়াইলের কালিয়ায় একটি বাড়িতে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার তদন্তে পাওয়া সন্দেহভাজন পলাতক আসামি মো. ফারুক শেখকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ ও র্যাব-৪-এর যৌথ দল। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফারুক শেখ নড়াইলের কালিয়া উপজেলার জয়পুর গ্রামের সদর আলী শেখের ছেলে। র্যাবের ভাষ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে আগে একটি পর্নোগ্রাফি মামলা রয়েছে। এ ছাড়া আরও তিনটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, যশোর ও র্যাব-৪, মিরপুর ক্যাম্পের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। কালিয়ার জয়পুর এলাকায় খন্দকার সফিকুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনায় তদন্তে ফারুক শেখের নাম সন্দেহভাজন আসামি হিসেবে পাওয়া যায়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই রাত আনুমানিক আড়াইটার দিকে অজ্ঞাতনামা ৬-৭ জনের একটি ডাকাত দল জয়পুর এলাকায় একটি একতলা বাড়ির দক্ষিণ পাশের কেচি গেটের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির বাসিন্দাদের মারধর করে এবং রামদা দিয়ে একজনকে আঘাত করে জখম করে। ডাকাতেরা ভুক্তভোগী নারী ও তাঁর ১৪ বছর বয়সী মেয়ে সায়মা খানমের কান থেকে জোর করে দুই জোড়া সোনার কানের দুল ছিনিয়ে নেয়। এতে তাঁদের কান জখম হয়। পরে পাশের কক্ষের স্টিলের আলমারির তালা ভেঙে নগদ প্রায় ৩০ হাজার টাকা, দুটি সোনার চেইন, তিনটি সোনার আংটি—মোট আনুমানিক ২ ভরি ৯ আনা স্বর্ণালংকার এবং একটি ভিভো স্মার্টফোন নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী সোনিয়া সুলতানা বাদী হয়ে কালিয়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ডাকাতির মামলা করেন। মামলার তদন্তে ফারুক শেখের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়ার পর তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব। গ্রেপ্তার ফারুক শেখকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



















