ঝিকরগাছায় পূজামণ্ডপ পরিদর্শনে সাবিরা নাজমুল মুন্নি
- আপডেট সময় : ০৫:০২:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / ২১ বার পঠিত

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার; ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার’ এই প্রতিপাদ্য সামনে রেখে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার যশোরের ঝিকরগাছা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি।
তিনি কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি।
পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি ও পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা, সমান অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাবিরা নাজমুল মুন্নি উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের দাশপাড়া ও শিওরদাহ পূজামণ্ডপ এবং বাঁকড়া ইউনিয়নের দিকদানা শিব ও দুর্গাপূজামণ্ডপ, উজ্জ্বলপুর, ভান্ডারঘর ও বালিশাডাঙ্গা পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়; এটি সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের অনন্য প্রতীক। বাংলাদেশ সবার দেশ। এ দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা, সম্মান ও সমান অধিকার নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, ধর্ম, বর্ণ, জাতি কিংবা রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো মানুষ যেন বৈষম্য, অবহেলা বা নিরাপত্তাহীনতার শিকার না হন। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতি নিয়ে পাশাপাশি বসবাস করবেন।
সাবিরা মুন্নি বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার; ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো, তিনি একজন মানুষ এবং বাংলাদেশের একজন নাগরিক। তাই সব ধর্মের মানুষের পাশে দাঁড়ানো, তাঁদের সুখ-দুঃখ ভাগ করে নেওয়া এবং যেকোনো সংকটে পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।”
ধর্মকে ব্যবহার করে কেউ যেন মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
দুর্গোৎসব আনন্দময় ও নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান সাবিরা মুন্নি। তিনি বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নারী, শিশু, বয়োজ্যেষ্ঠসহ সব শ্রেণি-পেশার মানুষের নিরাপদে উৎসবে অংশগ্রহণের পরিবেশ তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ, অধিকার প্রতিষ্ঠা এবং নিরাপদ, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠন। মতের ভিন্নতা ও রাজনৈতিক আদর্শের পার্থক্য থাকলেও মানুষের অধিকার ও মর্যাদার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভালোবাসার মাধ্যমে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর আমিরুল ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামির হোসেন, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হবিবর রহমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসম্পাদক ইঞ্জিঃ নওয়াজীস ইসলাম রিয়েল। এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
























