কেশবপুরে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে উপজেলা আনসার কর্মকর্তা
- আপডেট সময় : ০৯:২০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ১০ বার পঠিত

যশোরের কেশবপুর উপজেলার জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) কর্মকর্তা মিয়াজান আলী। বুধবার বিকেলে তিনি উপজেলার বিভিন্ন জলাবদ্ধ এলাকা ঘুরে স্থানীয় বাসিন্দাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি পাঁজিয়া ইউনিয়নের মনোহরনগর গ্রামের ভিডিপি সদস্য শ্যামলী হালদারের বাড়িতে যান। সেখানে জলাবদ্ধতার কারণে পরিবারের দুর্ভোগ, বসতঘরের বর্তমান অবস্থা এবং দৈনন্দিন জীবনযাপনে সৃষ্ট নানা সমস্যার বিষয়ে খোঁজ নেন।
শ্যামলী হালদারের পরিবারের পরিস্থিতি দেখে মিয়াজান আলী গভীর সহানুভূতি প্রকাশ করেন। তিনি ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন এবং ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের কথা জানান।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করা হবে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ পরিস্থিতিতে আনসার ও ভিডিপি সদস্যদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
পরিদর্শনকালে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন। তারা জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বর্তমান পরিস্থিতি সম্পর্কে উপজেলা কর্মকর্তাকে অবহিত করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।




















