চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকারের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৮:৪৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / ২০ বার পঠিত

চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে খাদ্যসামগ্রী তৈরি ও সংরক্ষণের দায়ে ঢাকা বিরিয়ানী হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ রোড, হাসপাতাল রোড ও শহীদ আবুল কাশেম রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে হাসপাতাল রোডের আবিল শরীফের মালিকানাধীন ঢাকা বিরিয়ানী হাউজে কাঁচা ও রান্না করা মাংস খোলাভাবে ফ্রিজে সংরক্ষণ এবং বিক্রির উদ্দেশ্যে বাসি খাবার রেখে দেওয়ার মতো অনিয়ম পাওয়া যায়। এ ঘটনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
এ ছাড়া লন্ড্রিগুলোকে যথাযথভাবে সেবা প্রদান এবং চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের খাদ্য বিক্রেতাদের নিরাপদ ও মানসম্মত খাবার বিক্রির বিষয়ে প্রাথমিকভাবে সতর্ক করা হয়।
অভিযান থেকে নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি, পণ্য ক্রয়-বিক্রয়ে যৌক্তিক মূল্য বজায় রাখা, প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ পণ্য, ওষুধ ও শিশুখাদ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
ভোক্তাদের নিরাপদ খাদ্য ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
























