
নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কক্সবাজার সফরে যাচ্ছেন আগামী ১৪ জুন। সেখানে একটি খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি অংশ নেবেন বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
বুধবার (৩ জুন) দুপুরে সচিবালয়ে উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, বৈঠকে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ২০১৬ সালে নেওয়া একটি বড় প্রকল্প ২০২৪ সালে শেষ হলেও এখনও পুরোপুরি সুফল পাওয়া যায়নি বলে উল্লেখ করেন তিনি। ফলে ওই এলাকায় জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি ঢাকা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানান মন্ত্রী।


























