খুলনা আসছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন সুন্দরবন ও মোংলা বন্দর
- আপডেট সময় : ১১:২৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / ১৯ বার পঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা যাচাই, সুন্দরবনের পরিবেশ সংরক্ষণ এবং মোংলা বন্দরের উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করবেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে খুলনার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় আকাশপথে হিরণ পয়েন্ট ও সুন্দরবন এলাকা পরিদর্শন করবেন। সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে হেলিকপ্টার অবতরণের কথা রয়েছে।
পরে নৌপথে বাগেরহাটের মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি ‘বানৌজ মোংলা’য় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্নভোজের বিরতির পর দুপুর ১টা ৪৫ মিনিটে ঘাঁটির ওয়ার্ড রুমে পর্যালোচনা সভায় অংশ নেবেন।
সফরের অংশ হিসেবে দুপুর ৩টায় মোংলা বন্দরের জেটি এবং বিকেল সাড়ে ৩টায় প্রস্তাবিত মোংলা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, সুন্দরবন সুরক্ষার উদ্যোগ, মোংলা বন্দরের বর্তমান পরিস্থিতি এবং অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন প্রকল্পগুলো সরেজমিনে পর্যালোচনা করাই এ সফরের মূল উদ্দেশ্য। সফর শেষে বিকেল ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
























