সফলভাবে দুর্গোৎসবের নিরাপত্তার দায়িত্ব শেষ করল বিজিবি
- আপডেট সময় : ০৮:০০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / ২৪ বার পঠিত

শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ২২২টি পূজামণ্ডপে প্রায় দুই হাজার বিজিবি সদস্য সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
গতকাল বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব শেষ হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বিজিবি কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২৯টি এবং যশোর শহরে ২০টি পূজামণ্ডপসহ যশোর রিজিয়নের আওতাধীন ২২২টি পূজামণ্ডপে নিরাপত্তা দেওয়া হয়।
দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সাতটি জেলার ৩৭টি উপজেলার সীমান্তবর্তী পূজামণ্ডপে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা শহরে ৫৮টি বেইজ ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করেন।
পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ, আনসার ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করেন বিজিবি সদস্যরা।
এ ছাড়া স্থানীয় জেলা প্রশাসনের অনুরোধে গোপালগঞ্জ জেলায় দুর্গোৎসবের নিরাপত্তায় যশোর রিজিয়ন থেকে তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। দায়িত্ব পালনে বিজিবি সদস্যরা ধৈর্য, শৃঙ্খলা ও সাহসিকতার পরিচয় দেন। তাঁদের দায়িত্বশীল ভূমিকার ফলে সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় যশোর ব্যাটালিয়নসহ যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, দুর্গোৎসবে শান্তিপূর্ণ সহাবস্থান ও ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। দেশের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বিজিবি অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ দায়িত্ব অব্যাহত রাখবে।























