মানবিকতার অনন্য দৃষ্টান্ত বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম
- আপডেট সময় : ০৫:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৮ বার পঠিত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২ নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মানবিকতা, সততা ও জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়াচ্ছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, দুর্দিনে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া এবং ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তিনি ইউনিয়নবাসীর আস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন বলে স্থানীয়রা জানান।
দায়িত্ব গ্রহণের পর থেকেই অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। অসহায় পরিবারের মধ্যে খাদ্যসহায়তা, শীতার্তদের শীতবস্ত্র বিতরণ, অসুস্থদের চিকিৎসায় সহায়তা, বিধবা ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে তাকে সক্রিয় দেখা যায়।
এ ছাড়া বন্যা ও প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সংকটময় সময়ে নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ ও জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনা করেছেন বলেও স্থানীয়দের দাবি। তাদের ভাষ্য, কোনো নাগরিক সমস্যায় পড়লে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরাসরি বিষয়টি শুনে দ্রুত সমাধানের চেষ্টা করেন। এতে সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধির সরাসরি যোগাযোগ আরও দৃঢ় হয়েছে।
মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নেও গুরুত্ব দিচ্ছেন তিনি। গ্রামীণ সড়ক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ইউনিয়ন গড়ে তুলতে এসব কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।
চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, জনগণের ভালোবাসা ও বিশ্বাস আমার সবচেয়ে বড় শক্তি। আমি সব সময় চেষ্টা করি মানুষের পাশে থাকতে। বিষ্ণুপুর ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার একমাত্র লক্ষ্য।
স্থানীয় সচেতন মহলের মতে, মানবিকতা, সততা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে জাহাঙ্গীর আলম যে ভূমিকা রাখছেন, তা স্থানীয় জনপ্রতিনিধিদের জনসেবামূলক কর্মকাণ্ডে উৎসাহিত করতে পারে।

























