চৌগাছায় বিআরডিবির অ্যাডভোকেসি সভা
- আপডেট সময় : ০৮:৪৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ৪ বার পঠিত

যশোরের চৌগাছায় উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তি ও যুবদের অংশগ্রহণে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা কৃষি অফিসের হলরুমে আশরাফ ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রতিবন্ধী শিশু ও যুবদের অর্থনৈতিক ক্ষমতায়নে বিআরডিবির ভূমিকা, সমবায় কার্যক্রমে অংশগ্রহণ, প্রশিক্ষণ, সঞ্চয় ও ঋণ কর্মসূচিতে প্রতিবন্ধী যুবদের অন্তর্ভুক্তি, স্থানীয় পর্যায়ে প্রতিবন্ধীবান্ধব সেবা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রাসেল আশরা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা এস. এম. শাকির উদ্দীন, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান এবং প্রকল্প সমন্বয়কারী আশীষ কুমার চ্যাটার্জী।
বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তি ও যুবদের মূলধারার উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তাদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সহজ শর্তে আর্থিক সেবার আওতায় আনার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা সম্ভব।
সভায় বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, শারীরিক প্রতিবন্ধী ক্ষুদে বিজ্ঞানী ওয়াকিমুল ইসলাম রিফাতসহ স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তি ও যুবরা অংশ নেন। অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং প্রতিবন্ধীবান্ধব সেবা আরও সম্প্রসারণের আহ্বান জানান।

























