
খুলনার ডুমুরিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে একজন নিহত ও অন্তত ৭ থেকে ৮ জন আহত হয়েছেন।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় পিপিএফ (পিসিএফ) ফিড ইন্ডাস্ট্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুর সরমান সাইদ (২৫) পাইকগাছা উপজেলার আছাবুর সরদারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, পাইকগাছা থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস গুটুদিয়া এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয়দের সহযোগিতায় বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করা হয়। দুর্ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয় বলে জানা গেছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান হাফিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
























