দক্ষিণ চট্টগ্রামের বানভাসী মানুষের পাশে বিএমএসএস
- আপডেট সময় : ০৯:২০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ৫৪ বার পঠিত

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)। সংগঠনটির উদ্যোগে শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৪ নম্বর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালায় বানভাসী মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান সুমন সরদার। এছাড়া সংগঠনের কার্যনির্বাহী কমিটির মহাসচিব মীর দিনার হোসেন, আইসিটি বিষয়ক সম্পাদক ওয়ালিউল্লাহ, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বন্যাকবলিত মানুষের মাঝে রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধসহ বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ শেষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান সুমন সরদার বলেন, কেন্দ্রীয় কমিটির মাত্র ৪৮ ঘণ্টার দ্রুত সিদ্ধান্ত এবং সবার আন্তরিক সহযোগিতায় আমরা বানভাসী মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য আদ্-দ্বীন মেডিকেল (বয়রা, খুলনা), মাদার কেয়ারের আখতারুজ্জামান ও নাজমুল হোসেন এবং বিশিষ্ট শিল্পপতি ফেরদৌস ভূঁইয়া ও ফিরোজ ভূঁইয়াসহ সকল সহযোগীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন, এই কার্যক্রম সফল করতে কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মুহাম্মদ জোবায়ের হোসেন, জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রা-এর উপদেষ্টা আনোয়ার হোসেন, বাংলা ৩৬০ ভিশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের অপরাধ বিচিত্রা পত্রিকার সাংবাদিক সোহেল আমীন, আরিফ, ফটোসাংবাদিক দুলাল সিকদার এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।



















