বাংলাদেশ সেনাবাহিনীতে নার্স নিয়োগ
- আপডেট সময় : ০৮:২০:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / ১৪১ বার পঠিত

বাংলাদেশ সেনাবাহিনীর ৪৪তম ডিএসএসসি আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস (এএফএনএস)-এর অধীনে নার্স পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের সরকার স্বীকৃত কোনো নার্সিং কলেজ থেকে বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্ন থাকতে হবে। এছাড়া এসএসসি ও এইচএসসি—উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীর উচ্চতা কমপক্ষে ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি), ওজন ন্যূনতম ৪৬ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও প্রসারণে ৩০ ইঞ্চি হতে হবে। দৃষ্টিশক্তিও নির্ধারিত মান অনুযায়ী থাকতে হবে।
বয়সের ক্ষেত্রে ২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে সর্বোচ্চ ২৬ বছর হতে হবে। অবিবাহিতা, বিবাহিতা, বিধবা ও তালাকপ্রাপ্ত—সব নারী প্রার্থী আবেদন করতে পারবেন। তবে সরকারি চাকরি বা সশস্ত্র বাহিনী থেকে বরখাস্ত, অপসারিত বা স্বেচ্ছায় পদত্যাগকারী, আদালতে ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত এবং দ্বৈত নাগরিকত্বধারী বা বিদেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন না।
নির্বাচিত প্রার্থীরা সরকার নির্ধারিত বেতনক্রমের পাশাপাশি সশস্ত্র বাহিনীর প্রচলিত অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আগামী ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে। বাংলাদেশ সেনাবাহিনীর নির্ধারিত ওয়েবসাইটের ‘Apply Now’ অপশনে গিয়ে ’44th AFNS’-এ অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি ১,০০০ টাকা, যা অনলাইনে পরিশোধ করতে হবে।

























