যশোরে এএসআই নিয়োগ পরীক্ষায় তিন ইভেন্ট অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৩৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ৮৭ বার পঠিত

যশোরে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬-এর দ্বিতীয় দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার তিনটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) সকাল ৭টা থেকে যশোর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ সুপার ও জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম)-এর সভাপতিত্বে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার প্রথম ইভেন্টে পুরুষ প্রার্থীদের ১ হাজার ৬০০ মিটার এবং নারী প্রার্থীদের ১ হাজার মিটার দৌড় সম্পন্ন করতে হয়। দ্বিতীয় ইভেন্টে লং জাম্পে পুরুষদের ন্যূনতম ১০ ফুট এবং নারীদের ৬ ফুট দূরত্ব অতিক্রমের শর্ত নির্ধারণ করা হয়। তৃতীয় ইভেন্টে হাই জাম্পে পুরুষদের সাড়ে ৩ ফুট এবং নারীদের আড়াই ফুট উচ্চতা অতিক্রম করতে হয়।
নিয়ম অনুযায়ী, প্রতিটি ইভেন্টে উত্তীর্ণ হওয়ার পরই প্রার্থীরা পরবর্তী ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পান। লং জাম্প ও হাই জাম্পে উত্তীর্ণ হওয়ার জন্য প্রত্যেক প্রার্থীকে তিনটি করে সুযোগ দেওয়া হয়।
পরীক্ষা শুরুর আগে সকল প্রার্থীকে প্রতিটি ইভেন্টের নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়। এছাড়া জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং বোর্ডের সদস্যরা প্রার্থীদের মনোবল বাড়াতে বিভিন্ন সময় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
তিনটি ইভেন্ট শেষে প্রথম দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে ব্রিফিং করেন পুলিশ সুপার। এ সময় তিনি নিয়োগ পরীক্ষার তৃতীয় দিনে অনুষ্ঠিতব্য ইভেন্টগুলো সম্পর্কে ধারণা দেন এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনার নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত প্রতিনিধিরা এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।























