বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:২২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ১৩ বার পঠিত

যশোরের বেনাপোলে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা-পুলিশ। রবিবার (৯ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটের দিকে বেনাপোল পৌরসভার দিঘীরপাড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মফিজুর বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, যশোরের পুলিশ সুপারের নির্দেশনায় এবং বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেনের তত্ত্বাবধানে এসআই সুজাতউদ্দৌলাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বেনাপোল-যশোর মহাসড়কের পাশে দিঘীরপাড় এলাকার মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের কাছে কবির হোসেনের হার্ডওয়্যার দোকানের সামনে অবস্থান নেয়। সেখানে সন্দেহভাজন হিসেবে মফিজুর রহমানকে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাঁর দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।
বেনাপোল পোর্ট থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন জানান, এ ঘটনায় মফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মফিজুর রহমানের বিরুদ্ধে এর আগে তিনটি মাদক মামলা ও একটি সিআর মামলা রয়েছে। সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে চারটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।



















