যশোর সীমান্তে ১৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
- আপডেট সময় : ০৫:১৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ১৪ বার পঠিত

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৪ নভেম্বর) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা গেছে, বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৫৫টি শাড়ি, ১১৭টি কম্বল, ১০টি চাদর, ৩ দশমিক ৫ কেজি জিরা, ৯ প্যাকেট ফুসকা, ৩ দশমিক ৫ কেজি কিসমিস, ৪০টি চাটনি ও ৩ হাজার ২৭১টি কসমেটিকস সামগ্রী জব্দ করে। আটক করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদক ও চোরাচালানি পণ্যসহ পাচারকারী চক্রকে আটক করতে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।























