মণিরামপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন
- আপডেট সময় : ১০:১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ৮ বার পঠিত

যশোরের মণিরামপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন। মেলা চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সম্রাট হোসেন বলেন, একটি ফলের গাছ শুধু ফল দেয় না, এটি একটি পরিবারের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে বাড়ির আঙিনা, পতিত জমিসহ যেখানে সম্ভব সেখানে ফলের গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শুধু উৎপাদন বাড়ালেই হবে না, ফল সংরক্ষণ ও বাজারজাতকরণের দিকেও সমান গুরুত্ব দিতে হবে। কৃষক সমৃদ্ধ হলে দেশ সমৃদ্ধ হবে। কৃষির উন্নয়নই টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন শাহানাজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহারিয়া হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষক ও সুধীজন।
মেলায় বিভিন্ন জাতের দেশীয় ও বিদেশি ফল, ফলের চারা, আধুনিক ফল চাষ প্রযুক্তি, ফল সংরক্ষণ পদ্ধতি এবং কৃষি উদ্ভাবনের বিভিন্ন দিক প্রদর্শন করা হয়েছে। মেলায় কৃষকদের জন্য আধুনিক ফল চাষ সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে এবং দর্শনার্থীরা বিভিন্ন জাতের ফল ও চারা সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন।

























