অস্বাস্থ্যকর দই বিক্রির অভিযোগ
মণিরামপুরে বনফুল কোম্পানীকে ৫০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ১০:০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ৩১ বার পঠিত

যশোরের মণিরামপুরে অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বনফুল অ্যান্ড কোম্পানির মণিরামপুর শাখাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে পৌরশহরের উত্তর মাথা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বনফুলের শোরুমে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় প্রতিষ্ঠানটির মণিরামপুর শাখায় কর্মরত যশোর সদরের আবুল কাশেমের ছেলে আবু হাসান হৃদয় (৩০)-কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
জানা গেছে, সোমবার সকালে উপজেলা নির্বাচন অফিসের এক কর্মকর্তা অতিথি আপ্যায়নের জন্য বনফুল শাখা থেকে ‘সুস্বাদু দই’ কিনে নিয়ে যান। পরে দই খাওয়ার সময় এতে দুর্গন্ধ ও অস্বাভাবিক রং দেখতে পেয়ে তিনি সেটি পুনরায় বনফুলে নিয়ে যান। এ সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়, দইটি ফ্রিজে সংরক্ষণ না করায় এমন অবস্থা হয়েছে।
পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। এরপর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। অভিযানকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুজ্জামান, গণমাধ্যমকর্মী এবং মণিরামপুর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন বলেন, জনস্বার্থে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও জানান, এর আগেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অস্বাস্থ্যকর খাবার সরবরাহের অভিযোগ পাওয়া গিয়েছিল।

























