মশাল মিছিলের মামলায় যশোরে যুবলীগ নেতা আটক
- আপডেট সময় : ১০:৪১:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৯ বার পঠিত

যশোরের উপশহর এলাকার যুবলীগ নেতা মুনসুর আলমকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার দিবাগত রাত তিনটার দিকে মণিরামপুর উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। মুনসুর আলম যশোর শহরের উপশহরের সি-ব্লক এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) বাবলা দাশ বলেন, সম্প্রতি যশোরের রাজারহাট এলাকায় অনুষ্ঠিত মশাল মিছিলের ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় মুনসুর আলম এজাহারভুক্ত আসামি। মামলা হওয়ার পর থেকে মুনসুর আলম দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এ সময় তিনি বিভিন্ন নাশকতার পরিকল্পনায় যুক্ত ছিলেন—এমন তথ্য পুলিশের কাছে ছিল। তাঁর অবস্থান শনাক্ত করার পর রোববার রাতে মণিরামপুরে অভিযান চালিয়ে তাঁকে আটক করে ডিবির একটি দল।
তিনি আরও জানান, আটকের পর মুনসুর আলমকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তবে মুনসুর আলমের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।



















