
মাগুরা শহরের টোকন প্লাজা কমার্শিয়াল কমপ্লেক্সে একই সময়ে দুটি জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (৮ জুন) ভোরে মধুমিতা হলের সামনে অবস্থিত মার্কেটটির দুটি দোকানের তালা ভেঙে স্বর্ণ ও রৌপ্য চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রায় ১০ লাখ টাকার ক্ষতির দাবি করেছেন। ক্ষতিগ্রস্ত দোকান দুটি হলো প্রিয়াঙ্কা জুয়েলার্স ও তারা জুয়েলার্স।
প্রিয়াঙ্কা জুয়েলার্সের মালিক নিমাই কর জানান, সকাল ৯টার দিকে একই মার্কেটের এক ব্যবসায়ী তাকে ফোন করে দ্রুত দোকানে আসতে বলেন। খবর পেয়ে তিনি এসে দেখেন দোকানের শাটারের তালা ভাঙা। পরে ভেতরে গিয়ে দেখতে পান প্রায় ৪ ভরি স্বর্ণ ও ৫৫ ভরি রৌপ্য চুরি হয়েছে। এতে তার আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
অপরদিকে, তারা জুয়েলার্সের মালিক দেবু বিশ্বাস জানান, তার দোকান থেকেও প্রায় ৩০ ভরি রৌপ্য চুরি হয়েছে। একই সময়ে সংঘটিত এ চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় একই সঙ্গে দুটি দোকানে চুরির ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে। তারা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
ঘটনার বিষয়ে আব্দুল আল মামুন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, চুরির ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।





















