
মাগুরায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) মাগুরা উপকেন্দ্রের উদ্যোগে বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) সকালে বিনার মাগুরা উপকেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। এতে মাগুরা, ঝিনাইদহ ও মেহেরপুর জেলার নির্বাচিত ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শামসুন্নাহার, পরিচালক (প্রশিক্ষণ ও পরিকল্পনা), বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), ময়মনসিংহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরার উপ-পরিচালক তাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাহবুবুর রহমান দেওয়ান, ড. হাসানুজ্জামান রনি এবং ড. সুশান চৌহান। বিনা মাগুরা উপকেন্দ্রের এসও শোভা আঞ্জুমান শাম্মীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে বোনা আউশ ধানের আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত জাত নির্বাচন, সার ব্যবস্থাপনা, রোগবালাই দমন এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল বিষয়ে কৃষকদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
কর্মশালার দ্বিতীয় পর্বে ২০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে নিয়ে একই স্থানে পৃথক আরেকটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে কৃষি সম্প্রসারণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, কৃষকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর ধান চাষে উদ্বুদ্ধ করা, আউশ ধানের উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

























