যশোরে জাতীয় পার্টির কর্মী সমাবেশ
- আপডেট সময় : ০৮:০১:২২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ৩৭ বার পঠিত

জাতীয় পার্টিকে ধ্বংস করতে ৫ আগস্টের পর থেকে নানা ষড়যন্ত্র করা হয়েছে, তবে কোনো ষড়যন্ত্রই সফল হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ। শনিবার দুপুরে যশোর শহরের বিডি হলে যশোর জেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মীর আব্দুস সবুর আসুদ বলেন, “জাতীয় পার্টি এ দেশের মানুষের হৃদয়ের দল। তাই কোনো ষড়যন্ত্র করেই এ দলকে শেষ করা সম্ভব নয়।” তিনি দাবি করেন, জাতীয় পার্টি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছিল। সে সময় মানুষের ক্রয়ক্ষমতা ভালো ছিল এবং সাধারণ মানুষ শান্তিতে বসবাস করত।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, “ইউনুস সরকার প্রহসনের নির্বাচন দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে এবং জাতীয় পার্টিকে ধ্বংস করার চেষ্টা করেছে।” তিনি আগামী দিনে জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনা এবং দলের চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।
যশোর জেলা জাতীয় পার্টির নেতা খবির গাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আশরাফুজ্জামান আশু, চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. মাহবুব আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু, আহাদ ইউ চৌধুরী শাহীন, যুগ্ম মহাসচিব দ্বীন ইসলাম শেখ ও হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাসসহ কেন্দ্রীয় নেতারা।
এ ছাড়া খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দও সভায় বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম বাচ্চু, মাগুরা জেলার সিনিয়র সহ-সভাপতি সিরাজুল সালেক শাহীন, মেহেরপুর জেলার সিনিয়র সহ-সভাপতি কেতাব আলী, খুলনা মহানগর শাখার যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বাগেরহাটের কেন্দ্রীয় সদস্য শাহ আলম খান, কুষ্টিয়া জেলার যুগ্ম সম্পাদক আইনুদ্দিন মাস্টার, চুয়াডাঙ্গা জেলার সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন এবং নড়াইল জেলার সভাপতি অ্যাডভোকেট সাইফুজ্জামান ফিরোজ।
সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় মোটর শ্রমিক পার্টির আহ্বায়ক মেহেদী হাসান শিপন ও শ্রমিক পার্টির কেন্দ্রীয় সভাপতি মেফতা উদ্দিন জসিমসহ অঙ্গসংগঠনের নেতারাও বক্তব্য দেন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মকবুল হোসেন। কর্মী সভায় যশোর জেলা ও খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।




















