যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
- আপডেট সময় : ০৯:৪৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ৪৪ বার পঠিত

‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, যশোরের উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।
সভায় তিনি বলেন, শিশু শ্রম বন্ধে শুধু আইন প্রয়োগ নয়, শিশুদের জন্য বিকল্প ব্যবস্থা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। যশোরে যেসব খাতে শিশু শ্রমের প্রবণতা রয়েছে, সেসব সেক্টরে নিয়মিত তদারকি জোরদার করা হবে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, যশোরের উপমহাব্যবস্থাপক আরিফুল ইসলাম।
বক্তারা শিশুশ্রমমুক্ত সমাজ গঠনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অভিভাবক এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।










