থানায় লিখিত অভিযোগ, হত্যার হুমকির দাবি
যশোরে রড় দিয়ে যুবকের মাথা ফাটালো সুদেকারবারীরা
- আপডেট সময় : ০৩:৫৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / ৩১ বার পঠিত

যশোরে সুদের টাকা পরিশোধ করতে না পারায় এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, আহত যুবকের নাম সাদ্দাম হোসেন (৩৩)। তিনি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের বাসিন্দা। একই এলাকার ওমর ফারুকের বিরুদ্ধে তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন সাদ্দাম।
লিখিত অভিযোগে সাদ্দাম উল্লেখ করেন, ওমর ফারুকের কাছ থেকে তিনি কিছু টাকা সুদে নিয়েছিলেন। আর্থিক সংকটের কারণে নির্ধারিত সময়ে সেই টাকা পরিশোধ করতে না পারায় তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে গত ৩১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাউড়িয়া বাজারে মফিজুর স্টোরের সামনে অবস্থানকালে ফারুক তাঁর ওপর হামলা করেন।
অভিযোগ অনুযায়ী, এ সময় ফারুক লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে সাদ্দামের মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। মাটিতে পড়ে যাওয়ার পরও তাঁকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত তাঁকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সাদ্দামকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।
সাদ্দামের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আরও হামলা এবং প্রাণনাশের হুমকির শিকার হতে পারেন। এ কারণে বর্তমানে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
অভিযোগের বিষয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির টুআইসি নিয়ামুল জানান, তদন্তে গিয়ে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট দুজনকে ডাকা হয়েছিল। তাঁরা স্থানীয়ভাবে মীমাংসার কথা জানিয়েছেন। তবে মীমাংসা না হলে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

























