শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১
- আপডেট সময় : ০৫:৫৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ২৭ বার পঠিত

যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামে ট্রাক্টর (টলি) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
সোমবার (২০ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের জাহাঙ্গীর ভাণ্ডারীর ছেলে মোটরসাইকেল চালক নাহিদ (৪০) এবং বেনাপোল পোর্ট থানার বালুণ্ডা গ্রামের জমাত আলীর ছেলে উষা (৩০)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল রুদ্রপুরের দিকে যাচ্ছিল। পথে রুদ্রপুর-গোগা সড়কের রফিকুলের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক্টরের (টলি) সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক নাহিদ ও উষা ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অপর আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে সকাল ৮টা ৪০ মিনিটের দিকে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। একই সঙ্গে ঘাতক ট্রাক্টর ও এর চালককে শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
























