লবণচরায় ডাবল মার্ডার
শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:৫৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ২৩ বার পঠিত

খুলনার লবণচরায় চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার অন্যতম আসামি ও শীর্ষ সন্ত্রাসী আলামিন হাসান ওরফে সাইফি এবং তাঁর দুই সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-৬-এর স্পেশাল কোম্পানি।
শুক্রবার (২১ আগস্ট) গোপালগঞ্জ সদর থানার মাঝিগাতী বাজার এলাকায় অভিযান চালিয়ে সাইফি ও তাঁর সহযোগী আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনা মহানগরীর লবণচরা থানার মোল্লাপাড়া বড়খালপাড় এলাকায় অভিযান চালিয়ে সাগর আহম্মেদকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সাগরকে গ্রেপ্তারের পর তাঁর খালু জাহিদুল ইসলামের হাঁস-মুরগির টিনের খোপের কার্নিশ থেকে তাঁর দেখিয়ে দেওয়া মতে একটি ওয়ান শুটার গান, একটি রিভলবার, এক রাউন্ড সীসা গুলি, দুটি চাপাতি ও একটি কুড়াল উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে এসব অস্ত্র ও আলামত বিধি অনুযায়ী জব্দ করা হয়।
গত ১৯ আগস্ট বুধবার খুলনা নগরীর লবণচরা এলাকায় মাত্র তিন ঘণ্টার ব্যবধানে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে দুই যুবক নিহত হন। ওই দিন সন্ধ্যায় একই এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নিহত হন। পরে রাত পৌনে ১০টার দিকে শিশুবাগান আশিবিঘা এলাকায় নাজমুল (১৯) নামের আরেক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। পরপর দুই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এসব ঘটনায় লবণচরা থানায় হত্যা মামলা করা হয়। ওই মামলার অন্যতম আসামি হিসেবে সাইফি ও তাঁর সহযোগীদের নাম রয়েছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার সাইফি ও রাকিবকে জিজ্ঞাসাবাদের পর তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফলোআপ অভিযান চালিয়ে সাগরকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলো ডাবল মার্ডারসহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হবে। ডাবল মার্ডারের ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।




















