সিএনজির গোপন চেম্বারে ইয়াবা : যুবক আটক
- আপডেট সময় : ০৩:৪৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ৬০ বার পঠিত

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বিজিবির অভিযানে একটি যাত্রীবাহী সিএনজির গোপন চেম্বার থেকে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে সিএনজি চালক সৈয়দ হোসেন (৩৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। রবিবার (৭ জুন) দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের রেজুখাল চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে একটি যাত্রীবাহী সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির ভেতরে বিশেষভাবে তৈরি করা গোপন চেম্বারে লুকিয়ে রাখা ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে মাদক পাচারকারীরা সিএনজির ভেতরে অভিনব কৌশলে গোপন চেম্বার তৈরি করে ইয়াবা পরিবহন করছিল। অভিযানের সময় মাদকসহ চালককে হাতেনাতে আটক করা হয়। আটক সৈয়দ হোসেন কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং এলাকার বাসিন্দা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি ও একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা, জব্দকৃত আলামত এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
























