বেনাপোলে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক
- আপডেট সময় : ১১:১৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / ৩৩ বার পঠিত

যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিকস ও বিভিন্ন খাদ্যপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২১ জুন) দিনব্যাপী বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এলাকার সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ৬৭টি ভারতীয় শাড়ি, ২টি কম্বল, ১১৪ কেজি ফুসকা, ৪ দশমিক ৫ কেজি জিরা, ১০৮টি খাদ্যসামগ্রী, ৩ দশমিক ৫ কেজি কিসমিস, ৫ কেজি চা-পাতা, ২৪ প্যাকেট পাতার বিড়ি, ১ প্যাকেট সোন পাপড়ি, ১ হাজার ৫০০টি চকলেট এবং ৭৩৮টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৭০ হাজার ৮০০ টাকা।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, বিশেষ পরিকল্পনার আওতায় পরিচালিত অভিযানে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















