বরিশল উপজেলা গঠনের প্রস্তাব; ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক অবরোধ
- আপডেট সময় : ১২:১৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ২৭ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিনটি ইউনিয়ন ও বিজয়নগর উপজেলার একটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া। প্রস্তাব বাতিলের দাবিতে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও বিক্ষোভ করেছেন চার ইউনিয়নের বাসিন্দারা।
সোমবার (২ নভেম্বর) সকালে বিক্ষুব্ধ জনতা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন। এ সময় তারা কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী মোড় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীদের একটি অংশ জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে বিষয়টি গোপন রাখার অভিযোগ তুলে জেলা প্রশাসকের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
পরে জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম রোমা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ চার ইউনিয়নের প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা জেলা প্রশাসক মো. আবু সাঈদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা প্রস্তাব বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
বিক্ষোভকারীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল, সুলতানপুর ও বাসুদেব ইউনিয়ন এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন ভেঙে আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়নের সঙ্গে যুক্ত করে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের পরিকল্পনা করা হচ্ছে।
তাদের অভিযোগ, জেলা বিএনপির নেতা কবীর আহমেদ ভূঁইয়ার পরিকল্পনার আলোকে সম্প্রতি নতুন উপজেলা নিরীক্ষণের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে। অথচ জেলা প্রশাসন বিষয়টি গোপন রেখেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, এ ধরনের উদ্যোগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সদর ও বিজয়নগর উপজেলাকে বিভক্ত করে নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হলে রেলপথ ও সড়কপথ অবরোধসহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তারা বর্তমানের মতোই সদর উপজেলার সঙ্গে থাকতে চান বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

























