তিনজনের বিরুদ্ধে অভিযোগ
কুলাউড়ায় অস্ত্রের ভয় দেখিয়ে মিনি ট্রাক লুট
- আপডেট সময় : ১২:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ২৩ বার পঠিত

মৌলভীবাজারের কুলাউড়ায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে একটি মিনি ট্রাকের গতিরোধ করে মাছ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করে কুলাউড়া থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর রোববার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে কুলাউড়া-মৌলভীবাজার মহাসড়কের কাদিপুর ইউনিয়নের কৌলা এলাকায় মেঘনা ব্রিক ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়, লাল রঙের একটি পালসার মোটরসাইকেলে করে তিন যুবক এসে মিনি ট্রাকটির গতিরোধ করে। পরে তারা ট্রাকের চালক কামরান হোসেনকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে আঘাতের হুমকি দেয়। এ সময় তাঁর সঙ্গে থাকা তারেক আহমদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা এবং মিনি ট্রাকে থাকা আনুমানিক ১৪ হাজার টাকা মূল্যের শোল মাছ ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে। এ সময় স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হয়।
মামলার বাদী কামরান হোসেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বারইগ্রামের আলী হোসেনের ছেলে। অভিযোগে কুলাউড়া উপজেলার মনসুর এলাকার ইসরাইল বক্স প্রকাশ বদউল্লার ছেলে ইমান উদ্দিন রাজ, আব্দুর রহিমের ছেলে মেহেদি হাসান খান, নিয়ামতের ছেলে আরিয়ান খান সুজন এবং অজ্ঞাতনামা আরও একজনকে অভিযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্নার সরকারি মুঠোফোনে যোগাযোগ করা হলে পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান ফোন রিসিভ করেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমানও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

























