জমিতে পাকা দেয়াল নির্মাণের অভিযোগ, দেশীয় অস্ত্র নিয়ে পাহারায় সদস্যের ভাই
কুলাউড়ায় মহিলা ইউপি সদস্যের নেতৃত্বে প্রবাসীর সম্পত্তি দখল চেষ্টা
- আপডেট সময় : ০৮:১৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ১৯ বার পঠিত

মৌলভীবাজারের কুলাউড়ায় এক প্রবাসীর পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে ৪ নম্বর জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের এক নারী সদস্যের বিরুদ্ধে। ওই ইউপি সদস্যের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি জমিতে পাকা দেয়াল নির্মাণ করছেন বলে অভিযোগ করেছেন প্রবাসীর পরিবার। এ সময় দেশীয় অস্ত্র দেখিয়ে জমির মালিকের পরিবার ও নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উঠেছে।
প্রবাসীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া এলাকার বাসিন্দা আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। তাঁর পৈতৃক সূত্রে পাওয়া জমি দখলের চেষ্টা করছেন একই এলাকার মহিলা ইউপি সদস্য সীমা রানী চুনার, রিমন চুনার, জয়ন্ত সরকার, বিষ্ণু সূত্রধর ও দীপক চুনার। সম্প্রতি ওই জমিতে পাকা দেয়াল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বাধা দিতে গেলে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পরিবারের।
প্রবাসীর স্ত্রী জানান, বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং কুলাউড়া থানায় একাধিকবার যোগাযোগ করা হয়েছে। অপর পক্ষ থেকেও তাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তবে জমির মালিকানা প্রমাণে তাঁরা প্রয়োজনীয় কাগজপত্র ও দলিল দেখিয়েছেন। স্বামী প্রবাসে থাকায় সন্তানকে নিয়ে বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। অভিযুক্তরা যেকোনো সময় তাঁদের ওপর হামলা চালাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন। এ ঘটনায় কুলাউড়া থানায় লিখিত অভিযোগও দিয়েছেন তাঁরা।
প্রবাসীর স্ত্রী সাংবাদিকদের কাছে জমির কাগজপত্র দেখান। সেসব কাগজপত্রে জমিটি কুলাউড়া উপজেলার দৌলতপুর মৌজার ১১৫৯ নম্বর খতিয়ানভুক্ত কৃষিজমি বলে উল্লেখ রয়েছে। আব্দুল আজিজের পরিবারের দাবি, পৈতৃক সূত্রে বর্তমানে জমিটির মালিক তিনি।
গত ২ নভেম্বর সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই জমিতে পাকা দেয়াল নির্মাণের কাজ চলছে। এ সময় মহিলা ইউপি সদস্যের ভাই রিমন চুনারকে দেশীয় অস্ত্র হাতে সেখানে অবস্থান করতে দেখা যায়।
সাংবাদিক পরিচয় দিয়ে তাঁর কাছে জমিতে নির্মাণকাজের বিষয়ে জানতে চাইলে রিমন চুনার বলেন, জায়গাটি তাঁদের প্রয়োজন। সেখানে তাঁরা একটি রাস্তা নির্মাণ করতে চান। জমির দলিল অনুযায়ী মালিক প্রবাসী আব্দুল আজিজ- এ বিষয়টি তিনি স্বীকার করেন। তাঁর ভাষ্য, তাঁরা প্রবাসীর কাছে জায়গাটি চেয়েছিলেন, কিন্তু তিনি দিতে রাজি হননি। এ কারণে তাঁরা নিজেদের উদ্যোগে সেখানে রাস্তা নির্মাণের চেষ্টা করছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে মহিলা ইউপি সদস্য সীমা রানী চুনারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই এলাকায় মানুষ বসবাস করেন। প্রবাসীর জমিটি রাস্তা হিসেবে দেখিয়ে ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে রাস্তা নির্মাণ করতে চান তিনি। নিজের বাড়ি ওই জায়গার পেছনে হওয়ায় তাঁর ও প্রতিবেশীদের চলাচলের সুবিধার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জমিটি আব্দুল আজিজের পৈতৃক সম্পত্তি। তাঁর দাদা ও বাবা দীর্ঘদিন ওই জমিতে কৃষিকাজ করেছেন। পরবর্তী সময়ে আব্দুল আজিজও সেখানে চাষাবাদ করেছেন। বর্তমানে তিনি প্রবাসে থাকায় জমিতে বিভিন্ন গাছ লাগিয়েছেন। তাঁদের দাবি, জমিটি ব্যক্তিমালিকানাধীন হলেও ইউপি সদস্য তাঁর প্রভাব খাটিয়ে সেটি দখলের চেষ্টা করছেন।
এ বিষয়ে ৪ নম্বর জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য বলেন, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষের সঙ্গে কথা বলেছেন। তবে মহিলা ইউপি সদস্যের পক্ষ থেকে জমির মালিকানাসংক্রান্ত কোনো সঠিক তথ্য বা কাগজপত্র পাওয়া যায়নি। তাঁর ভাষ্য, জমির প্রকৃত মালিক ওই প্রবাসী। এ ছাড়া সেখানে আগে কোনো রাস্তা ছিল, এমন আলামত, ম্যাপ বা রেকর্ডও তাঁরা পাননি।
একজন প্রবাসীর অনুপস্থিতিতে তাঁর পৈতৃক সম্পত্তিতে দেয়াল নির্মাণ ও রাস্তা তৈরির উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় বিরোধ সৃষ্টি হয়েছে। জমিটির প্রকৃত মালিকানা, রাস্তার অস্তিত্ব এবং নির্মাণকাজের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
























