গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ০৩:২১:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ২৭ বার পঠিত

গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ মহাসমাবেশে তিনি উপস্থিত হন।
এর আগে সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি স্ত্রীসহ বর্ণাঢ্য কুচকাওয়াজ ও বিশেষ প্রদর্শনী উপভোগ করেন।
এরও আগে সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতারা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।
এদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। শনিবার বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হওয়ার কথা রয়েছে। এতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে হেঁটে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর এসব কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে দিনব্যাপী বিভিন্ন আয়োজন ও কর্মসূচি পালিত হচ্ছে।





















