অমিত কুন্ড (নাড়ু): হাসিখুশি সেই মুখটি আর কখনো দেখা যাবে না
- আপডেট সময় : ০৭:৪০:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ২১ বার পঠিত

হাকোবা গ্রামের পরিচিত হাসিখুশি মুখটি আর নেই। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অমিত কুন্ড (২৫), সবার প্রিয় ‘নাড়ু’। তাঁর অকালমৃত্যুতে পরিবার, স্বজন, বন্ধু ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
অমিত যশোরের মণিরামপুর উপজেলার হাকোবা গ্রামের মস্ত হরেন কুন্ডুর একমাত্র ছেলে। জীবিকার তাগিদে গরুহাটা মোড়ে সাবেক নূর মোহাম্মদের রাইস মিলের সামনে একটি চায়ের দোকান চালাতেন তিনি। সহজ-সরল, হাসিখুশি ও রসিকতাপূর্ণ স্বভাবের কারণে অল্প সময়েই সবার কাছে প্রিয় হয়ে উঠেছিলেন। ভালোবেসে সবাই তাঁকে ‘নাড়ু’ বলে ডাকতেন।
তবে হাসিমাখা মুখের আড়ালে ছিল দীর্ঘদিনের অসহনীয় জীবনসংগ্রাম। গত সাত-আট বছর ধরে থ্যালাসেমিয়া রোগে ভুগছিলেন অমিত। প্রতি তিন মাস অন্তর তাঁর শরীরে প্রয়োজন হতো দুই থেকে তিন ব্যাগ ‘এবি পজিটিভ’ (AB+) রক্ত। এই রক্তের প্রয়োজনকে কেন্দ্র করেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গড়ে উঠেছিল তাঁর এক আত্মিক সম্পর্ক।
তাঁর পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ সদস্য, চিকিৎসক, শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ। হাকোবা গ্রামের কুণ্ডুপাড়ার প্রতিবেশীরাও তাঁকে পরিবারের একজন সদস্যের মতো ভালোবাসতেন। নিয়মিত রক্তদান ও সহযোগিতার মাধ্যমে তাঁকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন অনেকে।
হঠাৎ এক সড়ক দুর্ঘটনা কেড়ে নিল সেই প্রাণবন্ত তরুণের জীবন। দেবিদাসপুর গ্রামে একটি ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন অমিত। দুর্ঘটনার পর শরীরে বড় ধরনের বাহ্যিক আঘাতের চিহ্ন দেখা না গেলেও মাথায় অভ্যন্তরীণ আঘাত পেয়েছিলেন তিনি।
প্রথমে তাঁকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোরে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। রাতে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়।
দুই বছর আগে অমিতের বাবা পরলোকগমন করেন। বাবাকে হারানোর পর মাকে আঁকড়ে ধরেই বেঁচে ছিলেন তিনি। একমাত্র সন্তানকে হারিয়ে আজ নিঃসঙ্গ হয়ে পড়েছেন তাঁর মা। যে সন্তানকে ঘিরে ছিল বাকি জীবন কাটানোর স্বপ্ন, সেই প্রিয় নাড়ুই আজ চিরদিনের জন্য মাকে ছেড়ে চলে গেলেন।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) অমিতের মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন। ধর্ম-বর্ণ নির্বিশেষে হিন্দু-মুসলিম সব শ্রেণি-পেশার মানুষ তাঁকে শেষবারের মতো দেখতে ছুটে আসেন। একই দিন সন্ধ্যা ৬টায় হাকোবা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
অমিতের চলে যাওয়া শুধু একটি পরিবারের অপূরণীয় ক্ষতি নয়, বরং একটি এলাকার মানুষের ভালোবাসার বন্ধনে বাঁধা প্রিয় একজন মানুষের বিদায়। যে তরুণের শরীরে রক্ত দিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছেন অনেকে, সেই তরুণ আজ স্মৃতি হয়ে রয়ে গেলেন সবার হৃদয়ে।
মানুষের জীবন সত্যিই ক্ষণস্থায়ী। একদিন সবাইকেই এই পৃথিবীর মায়া-মমতা ছেড়ে চলে যেতে হবে। কিন্তু অমিতের মতো কিছু মানুষ চলে গিয়েও মানুষের ভালোবাসায় বেঁচে থাকেন।
বিদায় নাড়ু, তোমার হাসিমাখা মুখটি হয়তো আর দেখা হবে না, কিন্তু তোমাকে ঘিরে মানুষের ভালোবাসা ও স্মৃতিগুলো থেকে যাবে আজীবন।

























