তরিকুল ইসলামের স্মরণে সাংবাদিক ইউনিয়ন যশোরের দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৪:২৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / ৪৪ বার পঠিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) প্রেসক্লাব যশোরে সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে এ আয়োজন করা হয়।
স্মরণসভায় বক্তারা বলেন, তরিকুল ইসলাম ছিলেন পরমতসহিষ্ণু, সৎ, নির্লোভ ও নিরহংকার রাজনীতিক। তিনি শান্তিপূর্ণ সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করতেন। দলমত নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করেছেন এবং রাজনৈতিক জীবনে ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তাঁর রাজনৈতিক আদর্শ ও কর্মময় জীবন যশোরের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ স্মৃতি হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, তরিকুল ইসলামের দীর্ঘ রাজনৈতিক জীবন নানা প্রতিকূলতা ও চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। সব বাধা অতিক্রম করে তিনি দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন। যশোরের উন্নয়ন এবং রাজনৈতিক সম্প্রীতি প্রতিষ্ঠায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মতো জনসম্পৃক্ত ও আদর্শনিষ্ঠ রাজনীতিকের জীবন থেকে বর্তমান প্রজন্মের অনেক কিছু শেখার রয়েছে।
সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি ফকির শওকত, সাধারণ সম্পাদক নূর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম আইউব, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ এবং দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনসারুল হক রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাংবাদিকেরা।
আলোচনা সভা শেষে প্রয়াত তরিকুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় তাঁর রাজনৈতিক জীবনের অবদান, দেশ ও মানুষের কল্যাণে তাঁর ভূমিকা এবং স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।




















