টুঙ্গিপাড়ায় জিলানীর বাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে উত্তাল যশোর
- আপডেট সময় : ১২:৫২:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ৯৮ বার পঠিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে যশোরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে যশোর শহরের চৌরাস্তায় জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জড়ো হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় বিক্ষোভকারীরা ‘জিলানী ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল।
বক্তব্যে তিনি বলেন, যেখানেই আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা যাবে, সেখানেই তাঁদের প্রতিরোধ করা হবে। বুধবার থেকে যেকোনো কর্মসূচি আসতে পারে উল্লেখ করে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
এ সময় বুধবার বিকেল সাড়ে ৩টায় শহরের সিভিল কোর্ট মোড় থেকে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন মোস্তফা আমির ফয়সাল। ওই কর্মসূচিতেও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্যসচিব আনছারুল হক রানা, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্যসচিব সাইফুল বাশার সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম ও সদস্যসচিব রাজু আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজার এলাকায় সংসদ সদস্য এস এম জিলানীর পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে রাতেই যশোরে বিক্ষোভে নামেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
























