ডা. উষার উদ্যোগে সংহতি প্রকাশ
কচুরিপানা অপসারণে ভৈরবে নামলেন যুবদল নেতাকর্মীরা
- আপডেট সময় : ১২:৫২:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ৪২ বার পঠিত

যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদকে কচুরিপানামুক্ত করতে ডা. সাদিয়া মনোয়ারা ঊষার নেতৃত্বে চলমান স্বেচ্ছাশ্রম কার্যক্রমের সঙ্গে সংহতি প্রকাশ করে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন জেলা ও নগর যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
জেলা যুবদলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ পরিচ্ছন্নতা অভিযানে নগর যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাঁরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নদ থেকে কচুরিপানা অপসারণ করেন। জেলা যুবদলের সদস্যসচিব আনছারুল হক রানা নিজে উপস্থিত থেকে কর্মসূচিতে নেতৃত্ব দেন।
এ সময় আনছারুল হক রানা বলেন, ডা. সাদিয়া মনোয়ারা ঊষার মহতী ও মানবিক উদ্যোগকে আরও একধাপ এগিয়ে নিতে যুবদলের পক্ষ থেকে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভৈরব নদকে তার হারানো ঐতিহ্য ও স্বাভাবিক রূপে ফিরিয়ে আনতে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ শুধু একটি নদী পরিষ্কারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতারও বহিঃপ্রকাশ। তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী এ উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
পরিচ্ছন্নতা অভিযানে আরও অংশ নেন নগর যুবদলের সদস্যসচিব শেখ রবিউল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত ও আনোয়ার পারভেজ, জেলা যুবদলের সদস্য পলাশ মাহমুদ ও নূর ইসলাম বাবলু, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ইমরানুর হক চৌধুরী, ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক তুষার আহমেদ টগর এবং ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মুন্নাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদকে কচুরিপানামুক্ত করতে ডা. সাদিয়া মনোয়ারা ঊষার ব্যক্তিগত উদ্যোগে শুরু হওয়া স্বেচ্ছাশ্রম কার্যক্রমে ক্রমেই যুক্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এর আগে এ উদ্যোগের সঙ্গে সংহতি জানিয়ে জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদলের নেতাকর্মীরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অব্যাহত থাকলে ভৈরব নদকে কচুরিপানামুক্ত করার উদ্যোগ আরও বেগবান হবে। একই সঙ্গে নদটির পরিবেশ ও ঐতিহ্য রক্ষায় জনসম্পৃক্ততা বাড়বে।




















