নৌপরিবহন মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা
- আপডেট সময় : ০১:৩৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ৪৫ বার পঠিত

নৌপরিবহন মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা এবং প্রকল্প বাস্তবায়নে গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান, এমপি।
সভায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানীসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় মন্ত্রণালয়ের অধীন চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সার্বিক বাস্তবায়ন অগ্রগতি, কাজের বর্তমান অবস্থা এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
এ সময় প্রতিমন্ত্রী রাজিব আহসান নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পগুলোর কাজ শেষ করার নির্দেশনার পাশাপাশি বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন। উন্নয়ন প্রকল্পের সুফল যেন নির্ধারিত সময়ের মধ্যে জনগণের কাছে পৌঁছায়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করা হয়।























