কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা
- আপডেট সময় : ০৯:১৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / ১৩৬ বার পঠিত

যশোরের কেশবপুরে যানজট নিরসন এবং সড়কে নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে রাস্তা দখল করে মোটরসাইকেল, ভ্যানগাড়ি ও ইজিবাইক পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার (২৯ নভেম্বর) পরিচালিত এ অভিযানে ছয়জনকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রহমান শেখ। এ সময় কেশবপুর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযানকালে রাস্তা আটকে যানবাহন পার্কিং না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। জনস্বার্থে যানজট নিরসন এবং পথচারী ও যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়ক দখল করে পার্কিং না করার নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য, এ বিষয়ে এর আগেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনসাধারণকে সচেতন করা হয়েছে। যানজটমুক্ত ও চলাচলের উপযোগী সড়ক নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় সচেতন মহল।























