যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর
- আপডেট সময় : ১০:২৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / ৩২ বার পঠিত

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আব্দুল কাদের (৭৪) নামে এক বৃদ্ধের কাছে থাকা ৪০ হাজার টাকা তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর বোন ও ভাগ্নের হাতে এ টাকা তুলে দেয়। আব্দুল কাদের যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চাঁচড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত সাকাত আলী ও সিদ্দিকা বেগমের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর অজ্ঞাতনামা ব্যক্তি হিসেবে আব্দুল কাদেরকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৩ নভেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত হয়। পরদিন ২৪ নভেম্বর দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে রোববার সকালে তাঁর বোন ও ভাগ্নে হাসপাতালে উপস্থিত হন। পরে আব্দুল কাদেরের কাছে থাকা ৪০ হাজার টাকা তাঁদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।





















