বিভিন্ন এলাকায় প্রতিবাদী মিছিল
লকডাউন কর্মসূচি ঘিরে যশোরে বিএনপির সতর্ক অবস্থান
- আপডেট সময় : ০৪:২৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ৫৩ বার পঠিত

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে যশোরে সতর্ক অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্ভাব্য অপতৎপরতা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধের লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে অবস্থান নেন তাঁরা।
শহরের প্রাণকেন্দ্র দড়াটানা, চৌরাস্তা, মনিহার, নিউমার্কেট, চাঁচড়াসহ বিভিন্ন এলাকায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন। নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নিয়ে সতর্ক নজরদারি করেন।
সকাল সাড়ে ১১টার দিকে মনিহার এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এদিকে শহরের ঘোপ এলাকায় একের পর এক ঝটিকা মিছিল বের করা হয়। ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগেও প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়।
যশোরের বড় বাজার ও মণিহার এলাকায় পৌর বিএনপি নেতা রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুকের নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন। পরে সেখানে আওয়ামী লীগবিরোধী মিছিল বের করা হয়।
অন্যদিকে, সরকারি এমএম কলেজ ছাত্রদলের উদ্যোগে একটি মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি। সিটি কলেজ ছাত্রদলের উদ্যোগেও অবস্থান কর্মসূচি ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে মনিহার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন যশোর জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান।
এ ছাড়া জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন। তাঁরা আওয়ামী লীগবিরোধী মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এসব কর্মসূচিতে অংশ নেন জেলা যুবদলের সদস্যসচিব আনছারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজেদুর রহমান সাগরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে, ছাত্রলীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে যশোর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে বিকেল ও সন্ধ্যায় আরও বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবস্থান এবং দিনভর মিছিল-সমাবেশের মধ্য দিয়ে যশোরে রাজনৈতিক তৎপরতা লক্ষ করা গেছে।




















