তরিকুল ইসলাম'র স্মরণসভায় যোগ দিতে
যশোরে পৌঁছেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
- আপডেট সময় : ০৮:০০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ৪৫ বার পঠিত

যশোরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় অংশ নিতে তাঁর এ সফর।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে তিনি যশোরে পৌঁছান। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় যশোর শহরের টাউন হল ময়দানে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। এ ছাড়া রাতে জেলা বিএনপির একটি কর্মসূচিতেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রয়াত তরিকুল ইসলামের সহধর্মিণী অধ্যাপক নার্গিস বেগম এবং দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা এতে অংশ নেবেন।
স্মরণসভা সফল করতে জেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। ইতোমধ্যে বিভিন্ন উপজেলা ও পৌর শাখায় সাংগঠনিক প্রস্তুতি সভা ও প্রচার-প্রচারণা চালানো হয়েছে।
স্মরণসভায় প্রয়াত তরিকুল ইসলামের দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা, সাংগঠনিক কর্মকাণ্ড এবং যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে তাঁর অবদান তুলে ধরা হবে।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর ছিল সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে যশোরে তাঁর কবর জিয়ারত, কোরআনখানি, দোয়া মাহফিল, শিক্ষা উপকরণ বিতরণ ও গণভোজসহ বিভিন্ন কর্মসূচি পালন করে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।




















