যশোরে বিধবা নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
- আপডেট সময় : ০২:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ৭২ বার পঠিত

যশোর সদর উপজেলার কোতোয়ালি থানার মোবারককাটি গ্রামে এক বিধবা নারীকে (৪৫) ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় আত্মরক্ষার চেষ্টা করলে ধারালো অস্ত্রের আঘাতে তিনি আহত হন। বুধবার (১০ জুন) ভোরে এ ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগী যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ অনুযায়ী, মোবারককাটি গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল মালেকের স্ত্রী মনিরা ভোরে প্রাকৃতিক প্রয়োজন সেরে নিজ ঘরে ফেরেন। বেডরুমে প্রবেশ করার পর তিনি একই গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে আব্দুল কাদেরকে ঘরের ভেতরে দেখতে পান।
অভিযোগে বলা হয়, মনিরা কিছু বুঝে ওঠার আগেই আব্দুল কাদের ধারালো অস্ত্র দেখিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং চিৎকার করতে নিষেধ করেন। পরে তিনি জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালালে ভুক্তভোগী বাধা দেন। এ সময় উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়।
ধস্তাধস্তির একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে মনিরার মুখে জখম হয়। তার চিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





















