যশোরে টিআরসি নিয়োগের ২য়দিনে শারীরিক সক্ষমতার পরীক্ষা
- আপডেট সময় : ০৭:১৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / ৫৪ বার পঠিত

যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬-এর দ্বিতীয় দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের চারটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে যশোর পুলিশ লাইন্স মাঠে এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়। যশোরের পুলিশ সুপার ও জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবার সভাপতিত্বে পরীক্ষার কার্যক্রম পরিচালিত হয়।
দ্বিতীয় দিনের পরীক্ষায় প্রথম ইভেন্ট ছিল ২০০ মিটার দৌড়। এতে পুরুষ প্রার্থীদের ২৮ সেকেন্ডে এবং নারী প্রার্থীদের ৩৪ সেকেন্ডে নির্ধারিত দূরত্ব অতিক্রম করতে হয়। দ্বিতীয় ইভেন্টে ছিল পুশ-আপ। পুরুষ প্রার্থীদের ৩৫ সেকেন্ডে ১৫টি এবং নারী প্রার্থীদের ৩০ সেকেন্ডে ১০টি পুশ-আপ সম্পন্ন করতে হয়।
তৃতীয় ইভেন্টে লং জাম্পে পুরুষ প্রার্থীদের কমপক্ষে ১০ ফুট এবং নারী প্রার্থীদের ৬ ফুট দূরত্ব অতিক্রম করতে হয়। চতুর্থ ও শেষ ইভেন্ট হাই জাম্পে পুরুষদের ৩ দশমিক ৫ ফুট এবং নারীদের ২ দশমিক ৫ ফুট উচ্চতা অতিক্রমের শর্ত নির্ধারণ করা হয়।
নিয়োগ বোর্ড সূত্রে জানা যায়, প্রতিটি ইভেন্টে উত্তীর্ণ হওয়ার পরই একজন প্রার্থী পরবর্তী ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পান। লং জাম্প ও হাই জাম্পে উত্তীর্ণ হওয়ার জন্য প্রত্যেক প্রার্থীকে তিনবার করে সুযোগ দেওয়া হয়।
পরীক্ষা শুরুর আগে প্রার্থীদের প্রতিটি ইভেন্টের নিয়মকানুন সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়। এ সময় নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম প্রার্থীদের মনোবল বাড়াতে একাধিকবার দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পাশাপাশি পরদিনের পরীক্ষার ইভেন্ট সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনার নির্দেশনা দেওয়া হয়।
এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা থেকে পাঠানো প্রতিনিধিদলের সদস্য এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালনকারী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।




















