সুন্দরবনে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ দু’জন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:৪০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ২৮ বার পঠিত

খুলনার কয়রায় সুন্দরবনসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জলদস্যুদের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। এ সময় জলদস্যুদের ব্যবহৃত চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি এবং ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে খুলনার কয়রা থানাধীন ৫ নম্বর কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কয়রা এলাকার হাফিজুর রহমান (৩৭), পিতা কেরামত গাজী এবং আব্দুর রহিম (২৬), পিতা জামাল ফারুক।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার হাফিজুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার জলদস্যু দলের প্রধান ইয়াদ আলীপাড়ের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় দস্যুতার কাজে ব্যবহৃত চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় জলদস্যু দলের প্রধান ইয়াদ আলীপাড়কে পাওয়া যায়নি।
এসআরবি-৬-এর প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার হাফিজুর রহমান অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে জলদস্যুদের সহযোগিতা করতেন। অন্যদিকে আব্দুর রহিম জলদস্যুদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও রসদ সরবরাহের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ও গতিবিধি সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করতেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ কয়রা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে অভিযানসংশ্লিষ্ট সূত্র।
























