ধানমণ্ডি ২৭ নম্বরে বহুতল ভবনে আগুন
- আপডেট সময় : ০৯:০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ১০৭ বার পঠিত

রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুন) বিকেলে ২৭ নম্বরের বাংলাদেশ আই হসপিটালের পাশের ওই ভবনটিতে এ আগুন লাগে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভবনটির ছাদ থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। পাশাপাশি তৃতীয় তলার গ্লাস ভেঙে ভবনের সঙ্গে লাগানো একটি সিঁড়ি বেয়ে কয়েকজনকে নিরাপদে নামতে দেখা যায়।
তবে ভবনের ভেতরে কতজন আটকা পড়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম চলমান রয়েছে।























