অপ্রপ্রচারের অভিযোগে চার অনলাইন পত্রিকার বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ১১:৩৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ৫৭ বার পঠিত

যশোরের সাংবাদিক শামসুর রহমান নীরবের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তার স্ত্রী ফাতেমা বেগম। অভিযোগে বলা হয়েছে, সাংবাদিকতার আড়ালে তিনি নিজের স্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার ও মানহানিকর সংবাদ প্রকাশে ভূমিকা রেখেছেন।
বুধবার যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন বাদী ফাতেমা বেগম। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে।
মামলার প্রধান আসামি যশোর সদর উপজেলার ডহরপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শামসুর রহমান নীরব। এছাড়া অনলাইন পত্রিকা ‘দৈনিক চুয়াডাঙ্গা’, ‘দৈনিক ভোরের হাওয়া’, ‘দৈনিক প্রতিদিনের কণ্ঠ’ এবং ‘দৈনিক বাংলার চেতনা’-এর সম্পাদকদেরও আসামি করা হয়েছে। তবে মামলায় তাদের ব্যক্তিগত নাম উল্লেখ করা হয়নি।
মামলার এজাহারে যশোরের ল্যাবএইড ক্লিনিকের কর্মী ফাতেমা বেগম উল্লেখ করেন, ২০২২ সালে শামসুর রহমান নীরব প্রতারণার মাধ্যমে তাকে জিম্মি করে বিয়ে করেন। বিয়ের পর বিভিন্ন সময়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেন। পরবর্তীতে টাকা দেওয়া বন্ধ করলে নীরব তার বিরুদ্ধে কুৎসা রটানো এবং মানহানির হুমকি দিতে শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, গত ২২ মে ‘দৈনিক চুয়াডাঙ্গা’, ‘দৈনিক ভোরের হাওয়া’ ও ‘দৈনিক বাংলার চেতনা’ এবং ২৪ মে ‘দৈনিক প্রতিদিনের কণ্ঠ’-এ “যশোর ল্যাবএইডের বহুমুখী প্রতারক ফাতিমা ও তার গ্যাং বেপরোয়া” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বাদীর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রকাশ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।
এ বিষয়ে শামসুর রহমান নীরবের বক্তব্য জানার জন্য বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


























