দুর্গাপূজায় যশোর-নড়াইলে এসআরবি’র কঠোর নজরদারি
- আপডেট সময় : ০২:৫৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ২৫ বার পঠিত

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে যশোর ও নড়াইল জেলায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে এসআরবি-৬। পূজা মণ্ডপগুলোতে বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। পাশাপাশি শহরের প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশন মন্দির পরিদর্শনকালে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-৬-এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।
তিনি জানান, এসআরবি-৬-এর দায়িত্বাধীন এলাকায় মোট ১ হাজার ২৭৮টি পূজামণ্ডপ রয়েছে। গত ১৩ অক্টোবর থেকে আগামী ২১ অক্টোবর পর্যন্ত এসব মণ্ডপের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্গোৎসবকে কেন্দ্র করে বিশেষ টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং সেল সক্রিয় রাখা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক আরও জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও নিরাপত্তা ঝুঁকি এড়াতে শহরের প্রবেশমুখ এবং গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এ ছাড়া ২৪ ঘণ্টা নিরাপত্তা ডিউটি পালন করা হচ্ছে।
তিনি বলেন, সাধারণ মানুষ যাতে কোনো ধরনের শঙ্কা ছাড়াই নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
প্রেস ব্রিফিং ও মন্দির পরিদর্শনকালে যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ মহারাজ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।























