র্যাবের অভিযানে সুন্দরবনের জাহাঙ্গীর বাহিনীর সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ০১:১৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / ১০৫ বার পঠিত

বাগেরহাটের রামপাল উপজেলায় অভিযান চালিয়ে সুন্দরবনের জলদস্যু বাহিনীর সহযোগী হিসেবে পরিচিত সবুর শেখ (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৬। এ সময় তার কাছ থেকে তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়েছে।
র্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ২টা ৫০ মিনিটে র্যাব-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রামপাল উপজেলার শ্রীফলতলা দক্ষিণপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকার বাসিন্দা মো. সবুর শেখকে গ্রেফতার করা হয়। অভিযানকালে তার হেফাজত থেকে কালো প্লাস্টিকের পলিথিনে মোড়ানো অবস্থায় তিনটি দেশীয় ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় অস্ত্রগুলো জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুর শেখ সুন্দরবনের কুখ্যাত জলদস্যু ‘ছোট জাহাঙ্গীর বাহিনীকে’ বিভিন্ন সময়ে অস্ত্র ও খাদ্য সরবরাহের কথা স্বীকার করেছেন। এছাড়া তার অতীত অপরাধমূলক কর্মকাণ্ড পর্যালোচনায় বাগেরহাটের মোংলা থানায় তার বিরুদ্ধে দুটি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে রামপাল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে উদ্ধারকৃত আলামতসহ তাকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।
সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী, মাদক কারবারি ও বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।


























