নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল, কেশবপুরে আটক ৬
- আপডেট সময় : ০৯:৫৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / ৭৪ বার পঠিত

যশোরের কেশবপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করার অভিযোগে দায়ের করা মামলায় ছয়জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ জুন উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের পচক্রা এবং ত্রিমোহনী ইউনিয়নের সোনাতলা সড়কে পৃথক দুটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই করে পুলিশ তদন্ত শুরু করে।
এ ঘটনায় কেশবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। মামলায় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কেশবপুর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, “নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ছয়জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।”
























