নারী ও শিশুর প্রতি সহিংসতায় জিরো টলারেন্স: মন্ত্রী
- আপডেট সময় : ০৯:২৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ৫১ বার পঠিত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব। তিনি বলেন, পুরুষ হোক বা নারী—নির্যাতন সকলের ক্ষেত্রেই সমানভাবে নিন্দনীয়।
শনিবার (১৩ জুন) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ মহিলা পরিষদের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াও’ শীর্ষক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দেশে আইনের কোনো অভাব নেই, তবে সমস্যা হচ্ছে আইনের প্রয়োগ ও সামাজিক মানসিকতায়। এ কারণে নারী ও শিশু অধিকার সুরক্ষায় সরকার, আইন প্রয়োগকারী সংস্থা এবং জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, বিশেষ ট্রাইব্যুনাল, আইন ও নীতিমালা থাকা সত্ত্বেও মামলা দায়ের, তদন্ত ও চিকিৎসা পরীক্ষায় বিলম্ব, অপর্যাপ্ত প্রমাণ এবং সাক্ষীর অভাবে লিঙ্গভিত্তিক সহিংসতা উদ্বেগজনকভাবে বাড়ছে। বিচারহীনতার সংস্কৃতি ও সামাজিক অস্থিতিশীলতা মানবাধিকার পরিস্থিতিকে আরও অবনতি ঘটাচ্ছে।
মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার বিদ্যমান আইনের ব্যাপক প্রচার, সঠিক বাস্তবায়ন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে। নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে রাষ্ট্রের পাশাপাশি নাগরিক সমাজ, গণমাধ্যম এবং তরুণ প্রজন্মকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি কৃষ্ণা দেবনাথ, কলামিস্ট মফিদুল হকসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিশেষ অতিথিরা বলেন, মানবিক শিক্ষা পরিবার থেকেই শুরু করতে হবে এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তারা সহিংসতা প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করারও সুপারিশ করেন।























