
যশোরের কেশবপুরে নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর দ্বীন ইসলাম (দ্বীনু) নামে এক ভ্যানচালককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার ভ্যানটি খোয়া গেছে। পরিবারের সদস্যদের ধারণা, অজ্ঞান পার্টির সদস্যরা যাত্রী সেজে তাকে অচেতন করে ভ্যানটি নিয়ে পালিয়েছে।
সোমবার (১৫ জুন) সকালে কেশবপুর-পাজিয়া সড়কের নতুনহাট বাজার সংলগ্ন এলাকায় রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে তাকে কেশবপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দ্বীন ইসলাম কেশবপুর উপজেলার বায়সা-নুরপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন ভ্যানচালক।
পরিবারের সদস্যরা জানান, রোববার সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। রাতে বাড়িতে না ফেরায় আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজাখুঁজি শুরু করেন তারা। দীর্ঘ অনুসন্ধানের পর সোমবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে তার অবস্থান সম্পর্কে জানতে পারেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের দাবি, যাত্রীবেশে কয়েকজন ব্যক্তি দ্বীন ইসলামের ভ্যান ভাড়া নেয়। একপর্যায়ে তাকে অচেতন করে নির্জন স্থানে ফেলে রেখে ভ্যানটি নিয়ে যায়। জ্ঞান ফেরার পর তার কাছ থেকে বিস্তারিত তথ্য জানা যাবে বলে স্বজনরা জানিয়েছেন।
এদিকে সাম্প্রতিক সময়ে কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকায় অজ্ঞান পার্টির তৎপরতা বেড়েছে বলে অভিযোগ রয়েছে। এতে সাধারণ মানুষ, বিশেষ করে পরিবহন চালক ও শ্রমজীবী মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা অজ্ঞান পার্টির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।






















